এবারের ফ্রেঞ্চ ওপেন শুরুর আগে রাফায়েল নাদালকে নিয়ে জেগেছিল শঙ্কা। যে লাল সুরকির কোর্টে রাজ করেছেন, চোটের কারণে সেই কোর্টে নিজেকে কতদূর নিয়ে যেতে পারবেন সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল বারবার। কিন্তু টেনিসের প্রতি ভালবাসা ও মনের জোরে নাদাল জিতলেন্ ২২তম গ্র্যান্ড স্ল্যাম। সবাই ভেবেছিল ফ্রেঞ্চ ওপেন জয়ের পর অবসরের ঘোষণা দিবেন নাদাল কিন্তু না। লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন স্প্যানিশ এই টেনিস খেলোয়াড়।
রেকর্ড ১৪তম বারের মত ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতল রাফায়েল নাদাল। রোলাঁ গারোর লাল সুরকির কোর্টে ক্যাস্পার রুডকে পাত্তাই দেয়নি ক্লে-কোর্টের রাজা। ৬-৩, ৬-৩ ও ৬-০ গেমে ম্যাচ জিতে নেন স্প্যানিশ এই টেনিস খেলোয়াড়। শিরোপা জয়ের পর অবসরের ঘোষণা না দিয়ে নাদাল বলেন,’আমি জানি না ভবিষ্যতে কি হবে কিন্তু আমি লড়াই চালিয়ে যেতে চাই।’ নাদালের অমন কথা শোনার পর গ্যালারি থেকে ‘রাফা রাফা’ বলে চিৎকার ভেসে আসছিল। তাঁর সমর্থকেরা আবারও তাকে কোর্টে দেখতে পাওয়ার আনন্দে ভাসছে।
২২ গ্র্যান্ড স্ল্যাম নিয়ে সবার উপরে অবস্থান করছেন রাফায়েল নাদাল। দুটি গ্র্যান্ড স্ল্যাম কম নিয়ে তাঁর পেছনে আছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ ও সুইজারল্যান্ড সুপার স্টার রজার ফেদেরার।