তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর তার সঙ্গেসঙ্গেই তিনি বসে পড়লেন বিধানচন্দ্র রায়, জ্যোতি বসুর সঙ্গে একাসনে। ওই দু’জনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ই বাংলার সেই মুখ্যমন্ত্রী, যিনি তৃতীয় বার মুখ্যমন্ত্রী পদে বসলেন। এদিন সকাল ১০.১৪ মিনিটে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে কালীঘাটের বাড়ি থেকে বের হন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণের মধ্যেই পৌঁছন রাজভবনে। মমতার সঙ্গে একই গাড়িতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কোভিড অতিমারীর কারণে আজকের শপথগ্রহণ অনুষ্ঠান সংক্ষিপ্ত ও অনাড়ম্বর ভাবে আয়োজন করা হয়েছে। মন্ত্রিসভার অন্য সদস্যরা পরে শপথ নেবেন বলে ঠিক হয়েছে। অনুষ্ঠানে সব মিলিয়ে ৫০ জন অতিথি আমন্ত্রিত ছিলেন। এই তালিকায় নাম ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। আমন্ত্রিতের তালিকায় ছিল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কথা সিবিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামও। কিন্তু তিনিও আসেননি। অপরদিকে, দলীয় কর্মীদের উপর ‘হামলা’র প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও।
Mamata Banerjee takes oath as the Chief Minister of #WestBengal for a third consecutive term. She was administered the oath by Governor Jagdeep Dhankhar. pic.twitter.com/IXy05xNZPZ
— ANI (@ANI) May 5, 2021
এদিন সকাল ঠিক ১০.৪৫ মিনিটে প্রস্তাব পাঠ করেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনখড়। অনুষ্ঠানে অনুপস্থিত বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও। তবে, কংগ্রেসর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রদীপ ভট্টাচার্য। তবে আসেননি আবদুল মান্নান।
শপথ নেওয়ার পরই মুখ্যমন্ত্রী বলেন, ‘সকলকে ধন্যবাদ। আমাদের প্রথম কাজ, কোভিডকে নিয়ন্ত্রণ করা। আজই বৈঠক রয়েছে। আজই জানিয়ে দেব কী কী সিদ্ধান্ত নেওয়া হল।’ রাজ্যে ফল পরবর্তী হিংসার প্রেক্ষিতেও এদিন ফের আবেদনের সুরে তিনি বলেন, ‘সকল রাজনৈতিক দলের কাছে আবেদন করব, কেউ অশান্তি করবেন না। শান্তি বজায় রাখুন। আর আজ থেকে আইনশৃঙ্খলা দেখব আমি। যদি বুঝি কড়া ব্যবস্থা নিতে হবে, তাহলে তা নিতেও আমি পিছপা হব না।’ মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও।